জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মদিনাতুল উলুম নূরানি ও হাফেজিয়া মাদরাসা এমপিওভুক্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ সময় তারা জরাজীর্ণ ভবনের শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্য একটি উন্নত শিক্ষাভবন নির্মাণের দাবি জানান।
স্থানীয়রা জানান, এ এলাকায় ইতোপূর্বে কোনো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। তাই আগ্রহ থাকা সত্ত্বেও ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত ছিল অনেক শিক্ষার্থী। সেজন্য একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল হাজারো মানুষের প্রাণের দাবি। এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের সে আশা পূর্ণ হয়েছে।
এ সময় তারা প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করা ও প্রতিষ্ঠানের জন্য একটি শিক্ষা ভবন নির্মাণের দাবি জানান। এ অঞ্চলে ধর্মীয় শিক্ষা প্রসারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তারা।
উল্লেখ্য, ২০১৯ সালে ১৬ শতক জমির উপর প্রতিষ্ঠিত হয় মদিনাতুল উলুম নূরানি ও হাফেজিয়া মাদরাসা। বর্তমানে নয়জন শিক্ষক ও ২৫০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হাফেজ মো: আ: আলীম। পরিচালনা কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম। এছাড়া আহসান হাবিব, ইসমাইল হোসেন, মাহমুদুল হাসান, আলমগীর হোসেন, রবিউল ইসলামসহ মোট নয়জন শিক্ষক আছেন।





