সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জগরুল হোসাইন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) গোপালগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের এ দুর্ঘটনা ঘটে।
জগরুল দক্ষিণ সুরমা উপজেলার সিলেট সিটি করপোরেশনে ৪০ নম্বর ওয়ার্ডের কুচাই দক্ষিণপাড়া গ্রামের মসবুর আলীর ছেলে।
জানা গেছে, জগরুল মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ যাওয়ার সময় সিলেট-জকিগঞ্জ সড়কের ড্রীমল্যান্ড পার্ক সংলগ্ন হিলালপুর এলাকায় সড়কে পরে থাকা পিচ্ছিল মাটিতে স্লিপ করে পরে যান। এ সময় পেছন থেকে আসা ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জগরুল হোসাইন নিহত হন। ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি জব্দ করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ইট ভাটা কাজে ট্রাক ও ট্রাকটারে মাটি ওভারলোড করে এক স্থান থেকে অন্য স্থানে নেন মালিকরা। ওভারলোড হওয়ায় অতিরিক্ত মাটি রাস্তায় পড়ে, যা বৃষ্টিতে রাস্তা পিচ্চিল করে। যার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার কারণও এটি। ট্রাকটার দিয়ে ওভারলোড করে ইট ভাটার মাটি বহন করায় আতঙ্কিত সড়ক ও মহাসড়কে চলাচল করা যানবাহন চালকসহ সাধারণ মানুষ।





