শীতকালীন সবজি বাঁধাকপি চাষে করে বাম্পার ফলন পাওয়ায় এবার লাভের মুখ দেখবেন বলে আশা করছেন ঢাকার দোহার উপজেলার নিকড়া এলাকার কৃষক মোজাহার। দুই বিঘা জমিতে বাঁধাকপি চাষ করে তিনি এখন বিক্রির অপেক্ষায় দিন গুনছেন। বাঁধাকপির এমন ফলনে তিনি রীতিমতো বিস্মিত।
জানা যায়, এ বছর মোজাহার নিজেই বাঁধাকপির বীজবপন ও চারা তৈরি করেন এবং সেই চারা নিজের দুই বিঘা জমিতে রোপণ করেন। যথানিয়মে জমি চাষ, সার ও জৈব বালাইনাশক ব্যবহার করার কারণে এক মাসের মধ্যেই তার রোপণকৃত চারাগুলো পরিপূর্ণ গাছে পরিণত হয়।
নিকড়া গ্রামের এমদাদুল হক জানান, মোজাহার একজন সচেতন কৃষক। তিনি সবজি চাষে জৈবসার ও কীটপতঙ্গ দমনে জৈব বালাইনাশক ব্যবহার করেন। যে কারণে তার আবাদ করা সবজির চাহিদা নিজ এলাকাতেই ব্যাপক।
দুই বিঘা জমিতে বাঁধাকপি রোপণে মোট ২০ হাজার টাকা খরচ হয়েছে তার। এ বছর ভালো দাম পাবেন এমনটিই আশা করছেন তিনি। দাম ভালো পেলে তিনি অন্তত ৬০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে ধারনা করছেন। তিনি বলেন, জমিতে পরিশ্রম করতে ভালো ফলন পাওয়া যায়।
দোহার উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব জানান, মোজাহার নিয়ম মেনে জৈবসার ও কীটনাশক ব্যবহার করেছেন। আমরাও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করে থাকি।