কর অঞ্চল বরিশাল-এর আওতাধীন সার্কেল-৬ পিরোজপুরের সেরা করদাতা হলেন মোঃ মিরাজুল ইসলাম। ২০২১-২০২২ কর বছরে পিরোজপুর জেলার ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হয়েছেন মিরাজুল ইসলাম।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব স্বাক্ষরিত একটি সন্মাননাপত্র পেয়েছেন তিনি।
মিরাজুল ইসলাম ২০১০-২০১১ আয়কর বছর থেকে ২০২১-২০২২ আয়কর বছর পর্যন্ত একটানা ১২ বার পিরোজপুর জেলার শ্রেষ্ঠ আয়করদাতা হিসেবে সন্মাননা পেয়ে যাচ্ছেন।
মিরাজুল ইসলাম একজন সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি বর্তমানে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, রাজনীতি ও ব্যবসার পাশাপাশি মিরাজুল ইসলাম সবসময় পিরোজপুরবাসীর সেবা করে যাচ্ছেন। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে তিনি কাজ করে যাচ্ছেন। নিজ অর্থায়নে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার সকল ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে শতাধিক জমিসহ পাকা বাড়ি উপহার দেয়াসহ শত শত প্রতিবন্ধী ও অসহায় মানুষকে বিনামূল্যে অটোরিকশা উপহার দিয়েছেন। উপহারের প্রতিটি গাড়ির মূল্য প্রায় দেড় লাখ টাকা। আর প্রতিটি বাড়ি ১ লাখ ৭১ হাজার টাকা খরচে নির্মাণ করেন।
ইতোপূর্বে দেশের উপজেলা চেয়ারম্যানের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার চেয়ারম্যান মিরাজুল ইসলাম। ভাণ্ডারিয়া উপজেলাবাসীর যেকোনো সংকটে চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে দ্রুত সমস্যা সমাধানের জন্য নিজ উদ্যোগে চেষ্টা চালিয়ে যান।
এলাকাবাসীর সুবিধার্থে হাসপাতালের চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য আর্থিক সহযোগিতা, দ্রুত রোগী পরিবহনের জন্য অ্যাস্বুলেন্স কেনা, লকডাউনে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া, উপজেলায় কন্টোল রুম ও হট লাইন সার্ভিস চালু, নিম্ন আয়ের মানুষকে সহায়তা, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে অটোরিকশা বিতরণসহ অসংখ্য কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এ উপজেলায় ব্যপক প্রশংসা কুড়িয়েছেন।





