লোহাগাড়ার চুনতিতে সন্ত্রাসী হামলায় আহত কৃষক আবু জাহেদ (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবু জাহেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাতগড় নয়া পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে ও দু`সন্তানের জনক।

জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয় দোকান থেকে বাড়ি ফেরার পথে সাতঘর ছড়ার ব্রিজ এলাকায় একদল সন্ত্রাসী আবু জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় শনিবার (৩১ ডিসেম্বর) আহতের স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা মামলা করেন। মামলায় স্থানীয় মো: হারুন (৪২), মো: জাহেদ (২৮), ওমর ফারুক (৩২), মো: রায়হান (৩৩) ও এজাহারনামিয়সহ পাঁচ ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

নিহতের চাচাত ভাই মোহাম্মদ নুরুচ্ছাফা জানান, সন্ত্রাসী হামলায় আহত আবু জাহেদ নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। ঘটনার পর থেকে আসামিদের হুমকি-ধামকিতে আবু জাহেদের পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, কৃষক আবু জাহেদ নিহত হওয়ার ব্যাপারে অবগত হয়েছি। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার ওপর হামলা করেছিল প্রতিপক্ষরা। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।