সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফকির আহম্মদ শাহ (৫৯) নামে এক কলেজশিক্ষক।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরব নগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কলেজ শিক্ষক পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
জানা যায়, তিনি সকালে স্থানীয় পরিবহন মাহেন্দ্র করে কলেজে যাচ্ছিলেন। মহাসড়কের ভৈরব নগর মোড়ে খুলনাগামী একটি বাস মাহিন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি পাশের খাদে পড়ে যায়, গুরতর আহত হন ওই শিক্ষক।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বাসটি থানা হেফাজতে রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।





