ঢাকার দোহার উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দাম দিয়ে সার কিনছেন কৃষকেরা। এতে একদিকে কৃষকরা নায্যদামে সার কেনা থেকে বঞ্চিত হচ্ছেন, অপর দিকে উৎপাদন খরচ বাড়ছে ফসলের। জানা গেছে, এ বছর সরকার খুচরা পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ২২ টাকা, টিএসপি ২০ টাকা, এমওপি ১৫ টাকা ও ডিএবি সারের দাম ১৬ টাকা নির্ধারণ করে দিলেও সেই দামে কোনো কৃষক সার কিনতে পারছেন না। কৃষকদের কাছে খুচরা সার ব্যবসায়ীরা প্রতি কেজি সার ২৫ টাকা দরে বিক্রি করছেন।
দোহার পৌরসভা ও ইউনিয়নের সাব-ডিলাররা কৃষকদের কাছ থেকে বাড়তি দাম নিচ্ছেন। জয়পাড়া বাজারের খুচরা ব্যবসায়ী সিকদার এন্টারপ্রাইজ বাড়তি দামে সার বিক্রি করছেন। এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের বাড়তি দাম দিয়ে সার কেনা লাগে, সে জন্য আমরাও কৃষকদের কাছ থেকে বাড়তি দামে বিক্রি করছি। পৌরসভার সার ডিলার মিজান ট্রের্ডাসের স্বত্বাধিকারী মো: মিজান জানান, আমাদের যে দরে সার বিক্রি করার কথা সেই দরে কিনতেও পারছি না।
উপজেলার সুতারপাড়া নিকড়ার খুচরা সার ব্যবসায়ী ইমদাদুল হক জানান, সরকার সারের ভর্তুকি দেয়া সত্ত্বেও কৃষকদের আমরা নায্যমূল্যে সার দিতে পারছি না। এ জন্য তিনি সারের ডিলারদের দায়ী করেন। প্রতিটি সারের দোকানে বিক্রির তালিকা টানিয়ে রাখার নির্দেশ রাখলেও তা মানছেন না খুচরা বিক্রেতারা।
এ ব্যাপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম জানান, খুচরা পর্যায়ে সার বিক্রিতে যদি অনিয়ম পাওয়া যায় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।