কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আলুক্ষেত দেখতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেধরক মারধরে এক বাংলাদেশী কৃষক আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার নাকারজান সীমান্তের ৯৪০ নম্বর মেইন পিলারের ৫ ও ৬ নম্বর সাব-পিলারের মাঝে এ ঘটনা ঘটে।

আহত আমজাদ হোসেন (৪০) কুটিচন্দ্রখানা গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, আমজাদ হোসেন সীমান্তে আলুক্ষেত দেখতে গেলে ভারতীয় কোচবিহার জেলার ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের সেউটি-২ (ছাপরি) ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা তাকে চোরাকারবারি ভেবে আটক করে। বিএসএফ সদস্যদের মারধরে অচেতন হয়ে পড়লে মৃত ভেবে তাকে ফেলে রেখে কাঁটাতারের ভেতরে চলে যায় বিএসএফ সদস্যরা। পরে পরিবারের লোকজন ওই আলুক্ষেত থেকে তাকে উদ্ধার করে।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধীন গংগারহাট বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) নায়েক সুবেদার নুরুল ইসলাম জানান, শুনেছি এক বাংলাদেশী নাগরিক আলুর ক্ষেত দেখার জন্য সীমান্তে গিয়ে বিএসএফের মারধরের শিকার হয়েছেন। খবর পেয়ে ওই সীমান্তে বিজিবির টহল পাঠানো হয়। তবে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।