বগুড়া সারিয়াকান্দিতে যুবলীগ নেতার সিলগালা গুদাম থেকে চুরি হওয়া ১১৩০ বস্তা চালের ৩৬০ বস্তা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার বগুড়া-সারিয়াকান্দি সড়কের আমতলী ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি থানার এসআই নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে উপজেলার আমতলী ব্রিজের পাশে অনেকগুলো চালের বস্তাগুলো পড়ে আছে। পরে আমরা সেখান থেকে বস্তাগুলো উদ্ধার করি।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, চাল উদ্ধারের বিষয়টি উপজেলা খাদ্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় সারিয়াকান্দি পৌর এলাকার বাগবেড় গ্রামের যুবলীগ নেতা শাহাদাৎ হোসেনের বাড়িতে অভিযান চালান বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। এ সময় তিনি সেখান থেকে ১১৩০ বস্তা চাল জব্দ করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। একইসাথে তার গুদামটি সিলগালা করে দেন।

পরে ১২ ডিসেম্বর গুদাম থেকে ১১২৪ বস্তা চাল উধাও হয়ে যায়। ২২ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সেখানে গিয়ে মাত্র ছয় বস্তা চাল দেখতে পান। পরের দিন এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা করা হয়। দু’সপ্তাহ পর চাল চুরির দায়ে তিন চালককে গ্রেফতার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।