চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারসহ ৭০ কেজি গাঁজা রেখে পালিয়েছে মাদককারবারিরা।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার মেহের স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা স্টিকার লাগানো সাদা রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো ভ- ১১-১৪০৫) পুলিশের চেকপোস্ট এড়াতে পশ্চিম উপলতা এলাকায় ঢুকে পড়ে। পথিমধ্যে গাড়িটির সামনের বাম চাকা ফেটে যায়। এ সময় সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি গাড়িটি পশ্চিম উপলতা গ্রামের মেহের স্টেশনের দক্ষিণ পাশে মসজিদের সামনে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ওই গাড়ি থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শহীদ হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে।





