দেশে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারে প্রতি বছরে এক লাখ ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এ অবস্থায় দেশে ক্রমবর্ধমান ই-সিগারেটের ব্যবহার ভয়াবহ পর্যায়ে যাওয়ার আগেই এটি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।
শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত ইয়ুথ লিডার কনফারেন্স ২০২৩ অনুষ্ঠানে আলোচকরা এ তথ্য প্রকাশ করেন।
স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে ধূমপান ও তামাক প্রতিরোধের মাধ্যমে ভবিষ্যত সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে ‘স্বাস্থ্য সুরক্ষা ক্লাব’ লিডারদের অংশগ্রহণে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে ই-সিগারেট আমদানি-উৎপাদন-বিক্রি-বিপণন ও ব্যবহার বন্ধ এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন। এজন্য সংসদ সদস্যগণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তরুণ সমাজকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার থেকে দূরে রাখতে গণমাধ্যমে প্রচারণা চালানো দরকার। পাশাপাশি অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান আলোচকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. মো: হাবিবে মিল্লাত মুন্না।
জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল হক, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলার চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. নিজাম উদ্দিন, স্বাচিপ সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম হীরা, জেলা পরিষদ সদস্য একরামুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সিরাজগঞ্জ ও কামারখন্দ উপজেলার ৮৪টি স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





