নরসিংদীর মনোহরদী উপজেলায় একটি জুতার মার্কেটে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বুধবার সকালে উপজেলার হাতিরদিয়া বাজারের সাখাওয়াত হোসেন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাখাওয়াত হোসেনের হার্ডওয়ারের দোকান, রনি ইসলাম, রিফাত, আমান উল্লাহ, আনাছ মিয়া, বাদশা মিয়া ও আবদুল লতিফের জুতার দোকান। এছাড়া একটি মুদির দোকানও পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা মার্কেটে আবদুল লতিফের জুতার দোকানে আগুন দেখতে পায়। সেখান থেকে আগুন দ্রুতগতিতে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে তারা মনোহরদী ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা ৭টা ৫০ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাদের সাথে আরো যোগ দেয় নরসিংদী জেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও শিবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। সবার সম্মিলিত চেষ্টায় দীর্ঘ এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, একদুয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে সান্ত্বনা দেন।
মনোহরদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ১০টি দোকানের অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমরা কোটি টাকার মালামাল উদ্ধারে সক্ষম হয়েছি।





