ময়মনসিংহের ভালুকায় রাতের আধাঁরে মা ও দুই ছেলেসহ কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে উপজেলার মেদুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পথচারীরা দেখতে পান উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নারী সদস্য আসমা খাতুনের পারিবারিক কবরস্থান থেকে চারটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আসমা খাতুন জানান, প্রায় নয় বছর আগে তার দাদি শাশুড়ি মানিকজান মারা যান। তাছাড়া তার চাচা শ্বশুর লোকমান হেকিম ছয় বছর আগে ও আব্দুল ওয়াহাব এক বছর দুই মাস আগে মারা যান।
তাছাড়া প্রতিবেশী গিয়াস উদ্দিন ওরফে গেনু শেখ গত ছয় মাস আগে মারা গেছেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে চারটি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে কঙ্কার চুরির ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।





