সিলেটের গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী যাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ আরো চারজন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হাজীপুর এওলাটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী যাত্রীর বাড়ি বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম এলাকায়। তার স্বামীর নাম ফারুক আহমদের বলে জানা গেছে। নিহত অপর পুরুষ যাত্রী এবং আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

আহতদেরকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সিলেট-জকিগঞ্জ সড়কের হাজীপুর এওলাটিকর এলাকায় বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা সিলেটগামী সিএনজি অটোরিকশা ও সিলেট থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাশেদা বেগম (৩৮) নামে এক নারী যাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ আরো তিনজন। নিহত অপর পুরুষ যাত্রী এবং আহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ নিহত দু’যাত্রীর লাশ উদ্ধার করেছে।

ঘটনাস্থলে দু’যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থলে নিহত নারী যাত্রীর নাম-ঠিকানা পাওয়া গেছে। অপর নিহত ব্যক্তিসহ আহতদের নাম, ঠিকানা ও পরিচয় জানার চেষ্টা চলছে।