দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার বটতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক পৌর শহরের কৃষ্টচাঁদপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওমর ফারুক কলেজ শেষে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বটতলি মোড়ে বিপরীত দিক থেকে একটি ট্রাক দেখে তিনি মোটরসাইকেল থামানোর চেষ্টা করেন। তখন তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাসনাথ ইয়াসমিন বলেন, মাথায় গুরুতর আঘাতে পাওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।





