নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সানজিদা আক্তার মালা (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সানজিদা আক্তার উপজেলার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামের পশু চিকিৎসক শহিদুল ইসলামের একমাত্র মেয়ে। তিনি এ বছর শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়
অংশগ্রহণ করে বিজ্ঞান শাখায় ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সানজিদা তার বাবার মোটরসাইকেলযোগে কম্পিউটার ক্লাস করার উদ্দেশ্যে বাড়ি থেকে সড়কে বের হয়। পরে সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পেছনে বসা সানজিদা ছিটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক সানজিদার মাথায় চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি নূর হায়দার তালুকদার বলেন, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে কাউকে পায়নি। তবে এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।





