নরসিংদীর শিবপুরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সমর্থকদের সাথে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পরে পদবঞ্চিতদের তোপের মুখে খায়রুল কবির খোকন গুলি ছুড়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১টার দিকে খায়রুল কবির খোকন রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট একে নেছার উদ্দিনের জানাজায় যাওয়ার পথে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় গ্রামীণ হোটেলের সামনে যাত্রাবিরতি নেন। ঠিক এ সময় ছাত্রদলের পদবঞ্চিত নেতা ফাহিম ভূঁইয়া রাজ, অভিসহ বেশ কয়েকজন হোটেলের পাশে গ্যাস নিতে যান। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তার গাড়ির সামনে বিক্ষোভ করেন।
শিবপুর থানার মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, খোকন সমর্থক ও ছাত্রদলের পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খোকন গুলিও ছুড়েছেন। আহত ফাহিম ও মাহিদুল হামলার ঘটনায় খায়রুল কবির খোকনসহ কয়েকজনের বিরুদ্ধে শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
জেলা বিএনপির সদস্য সচিব মন্জুর এলাহী বলেন, বিষয়টি আমি লোকমুখে শুনেছি। এ বিষয়ে এখনো খোকন ভাইয়ের সাথে কোনো কথা হয়নি।
এ দিকে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা সন্ধ্যার পর নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, খায়রুল কবির খোকন আমাদের অভিভাবক। তাই তিনি আমাদের ওপর গুলি ছুড়তে পারেন না।





