ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ একটি ছাত্রাবাস থেকে জাহিদ ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের জগথা মহল্লার গোলাম রব্বানী ছাত্রবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত জাহিদ রানীশংকৈল উপজেলার নুনতোর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ওই ছাত্রবাসে থেকে পৌর শহরের একটি স্টিলের দোকানে কাজ করতেন।

ছাত্রাবাস ম্যানেজার মাজেদ জানান, গত সপ্তাহে তাদের ছাত্রাবাসের ১১ নম্বর কক্ষে ওঠেন জাহিদ। ওই কক্ষে একাই থাকতেন তিনি।

তিনি আরো জানান, পিকনিকের টাকা তোলার জন্য বুধবার বেলা ১১টার দিকে জাহিদের রুমে গিয়ে ডাকাডাকি করি। কিন্তু কোনো সাড়া-শব্দ পাইনি। পরে অন্যদের নিয়ে আবার তার রুমে যান। তখনো দেখি, তিনি ঘুমিয়ে আছেন। এ সময় তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেও জাগানো সম্ভব হয়নি। পরে স্থানীয় ডাক্তার এনে শরীর পরীক্ষা করে দেখা যায়, তার মৃত্যু হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনসার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।