রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করা প্রচণ্ড অসুস্থ বৃদ্ধ সোহেল শেখকে (৭০) দীর্ঘ ২২ দিনেও দেখতে আসেনি কেউ। সোহেল শেখ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত ২৩ জানুয়ারি সোহেল শেখ দেওয়ানগঞ্জ-জামালপুর রোডের গামারিয়া এলাকায় পড়েছিলেন। প্রথমে কেউ তাকে চিনতে পারছিল না। পরে জানা যায় তার পরিচয়। খবর দেয়া হলেও তার স্ত্রী-সন্তানেরা কেউ তাকে দেখতে বা নিতে আসেননি। পরে স্থানীয় লোকজন সোহেল শেখকে রাস্তা থেকে তুলে এনে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করান। ভর্তি করানোর পরে হাসপাতালে সমস্যার সৃষ্টি হয়। স্ট্রোকে আক্রান্ত মুমূর্ষু রোগী সোহেল শেখ প্রস্রাব-পায়খানা আটকে রাখতে না পারায় হাসপাতালের বেড ও মেঝে নষ্ট করে ফেলেন। পরে তাকে অন্য এক ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এ খবর জেনে উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা ও পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরূন্নবী অপু তাকে দেখতে যান।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসান হাবীব ও আরএমও ডা: বিপুল মিয়া জানান, দীর্ঘ ২২ দিনেও কেউ সোহেল শেখকে দেখতে আসেনি। এখন তার সেবা বিশেষ প্রয়োজন। বাড়িতে সংবাদ দেয়া হলেও কেউ আসছেন না।