দম ফুরিয়ে যাওয়ায় বিএনপি দিনের বেলায় পদযাত্রা এবং রাতের বেলায় বিদেশীদের পদলেহন করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদেশীদের পদলেহন করেও বিএনপির কোনো লাভ হয় নাই। বিদেশীরা বুঝতে পেরেছে- বিএনপির দম ফুরিয়ে গেছে। এরা হারা শুরু করেছে। সুতরাং এদের দিয়ে কোনো সম্ভাবনা নাই। তাই বিদেশীরাও বিএনপিকে টাটা জানিয়ে দিয়েছে।
শনিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর টার্মিনালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, কদিন আগে অনেক বিদেশী আমাদের দেশে এসেছিলেন। বিএনপি তাদের সাথে দেখা করতে চেয়েছিল। এপয়নমেন্ট পাওয়ার জন্য অনেক অনুনয়-বিনয় করেছিল কিন্তু এপয়নমেন্ট পায় নাই। বিদেশীরাও বুঝতে পেরেছে- বিএনপিকে দিয়ে কোনো কিছু হবে না।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সমগ্র বাংলাদেশে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। কারণ বিএনপি হলো বিষধর সাপ। এখন তারা পদযাত্রার নামে দম নিচ্ছে। সুযোগ পেলেই আবার ছোবল মারবে। আগুন সন্ত্রাস শুরু করবে। গাড়িঘোড়া পোড়াবে। মানুষের ওপর হামলা করবে। সেটির নমুনা আমরা সিরাজগঞ্জে দেখেছি। সেজন্যই প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তি সমাবেশ।
হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতারা বলেন- আওয়ামী লীগ কেন শান্তি সমাবেশ করছে। আমরা বলি আপনারা দেশের অশান্তি সৃষ্টির পায়তারা করছেন। আগুন সন্ত্রাসীদের মাঠে নামিয়েছেন। সে কারণে আমাদেরও শান্তি সমাবেশ।
মন্ত্রী বলেন, বিএনপি এতদিন মিছিল-মিটিং করেছে। এখন দিয়েছে পদযাত্রা। বিএনপির দম ফুরিয়ে গেছে- এজন্যই পদযাত্রা। দুষ্ট লোকেরা বলে- দিনের বেলা বিএনপি পদযাত্রা করে, আর রাতের বেলায় অ্যাম্বাসিতে গিয়ে কূটনীতিকদের পদলেহন করে। অর্থাৎ দিনের বেলা পদগমন, রাতের বেলা পদলেহন। এই দুই নীতিতে বিএনপি এখন পরিচালিত হচ্ছে।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক
সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সাফুরা বেগম, জেলা আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল, মহানগর সাবেক সভাপতি সাফিউর রহমান শফি, মহানগর যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মহানগর ও জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী সমাবেশে অংশ নেন।





