পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালোবাসা দিবসের ফুল নিয়ে প্রশ্ন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি ইন্দুরকানী কলেজে দ্বাদশ শ্রেণীর কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। প্রশ্নের ২৫ নং ক্রমিকের নৈর্বত্তিক প্রশ্নটি ছিল ‘বিশ্ব ভালোবাসা দিবসে নিচের কোন ফুলটির চাহিদা বেশি ক) রজনীগন্ধা, খ) গোলাপ, গ) ডালিয়া ও ঘ) চন্দ্রমল্লিকা’। বৃহস্পতিবার বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নটি ছড়িয়ে পড়ার পর অনেকেই পরীক্ষায় এমন প্রশ্নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করেছেন। পিরোজপুর অনলাইন নিউজ নামক একটি নিউজ পোর্টালে প্রশ্নটি শেয়ার করায় শেখ প্রিন্স নামে একজনে মন্তব্য করেছেন ‘এটাই হলো সৃজনশীলের পার্শ্বপ্রতিক্রিয়া’। হাওলাদার মোহিন নামে একজনে বলেছেন ‘শিক্ষা আজকের কোন দিকে ধাবিত হচ্ছে’।
এ বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী সরকারি কলেজের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক বিকাশ মণ্ডল বলেন, বিশ্ব ভালোবাসা দিবস আন্তর্জাতিক স্বীকৃত একটা দিবস। এটা নিয়ে প্রশ্ন করা দোষের কিছু নয়।
কলেজের অধ্যক্ষ সঞ্জীত কুমার সাহা বলেন, আমি প্রশ্নটি দেখিনি, শুনেছি। সোমবার কলেজে এসে প্রশ্ন দেখব। তবে দিবসটি একটি স্বীকৃত একটি দিবস হওয়ায় এ নিয়ে প্রশ্ন করায় তাই দোষের কিছু দেখছি না।