বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, কালীগঞ্জের কৃতী সন্তান মো: মনির হোসেন রোববার ভোরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি একাধিকবার ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো ও সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে মো: মনির হোসেন সর্বমহলে পরিচিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো: মনির হোসেন ও ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাজ্জাদ হোসেন কবি জসীমউদ্দীন হলের পাশাপাশি কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। যা বর্তমান ছাত্র রাজনীতিতে বিরল।
তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি এক মেয়ে, স্ত্রী, ভাই-বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কালীগঞ্জের বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া ঐতিহাসিক ঈদগা মাঠে বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।





