নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগর এলাকায় বাসচাপায় আব্দুর সাত্তার (২৫) নামে এক ওয়ার্কশপ-শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর সাত্তার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামের মরহুম আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত আব্দুর সাত্তার কামারটেক এলাকায় একটি ওয়ার্কশপের দোকানে কাজ করত। সকাল সাড়ে ১০টার দিকে সৃষ্টিগর এলাকায় রাস্তা পারাপারের সময় সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূর হায়দার তালুকদার জানান, বাসচাপায় একজন মারা গেছে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।





