জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাইয়ের মার খেয়ে অভিমানে বোনের আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ ফেব্রয়ারি) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে ভারত সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের বিন্দুর চর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু শ্যামল চন্দ্র ধর নয়া দিগন্তকে জানান, পূর্বপাড়া গ্রামের আবু ছায়েদের সদ্য তালাক প্রাপ্ত কন্যা সুলতানা আক্তার মিমকে (২০) পারিবারিক কলহের জেরে মারধর করে তার আপন ভাই মামুন (১৮)। ছোট ভাইয়ের হাতে মার খেয়ে অভিমানে সুলতানা আক্তার মিম ফাঁসিতে আত্মহত্যা করে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। মামুনকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত সুলতানা আক্তার মিমের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

এক প্রশ্নের উত্তরে ওসি বাবু শ্যামল চন্দ্র ধর নয়া দিগন্তকে জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা পোস্ট মর্টেম রিপোট পাবার পর নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।