রাজধানীর ডেমরায় একতলা ভবনের ছাদ থেকে পড়ে রাইসা (২) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কোনাপাড়া আলামিন রোড এলাকার আমির হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
রাইসা ওই বাড়ির টিনশেড ঘরের ভাড়াটিয়া রুবেল হোসেনের মেয়ে। রাইসাদের গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা থানায়। গ্রামের নাম সৌলমী।
শিশুটির বাবা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাইসার মা মোছাম্মদ রানু আক্তার ধোয়ার কাজে ব্যস্ত থাকার সময় খেলতে খেলতে শিশুটি বাড়িওয়ালার ছাদের ওপর চলে যায়। এ সময় অসাবধানতাবশত শিশুটি ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা মেয়েটিকে দেখতে পেয়ে তার মায়ের কাছে জানায়।
এ সময় প্রতিবেশীরাসহ তার মা মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরক্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার অফিসার ইনসার্জ (ওসি) মো: শফিকুর রহমান (পিপিএম) বলেন, এ ঘটনায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।





