কুড়িগ্রামের ফুলবাড়ীতে দল বেধে শেয়াল, বেজি, বাগডাসা, বনবিড়াল শিকার করেছে দিনাজপুর থেকে আসা সাঁওতাল পল্লীর ১০ থেকে ১৫ জনের একটি দল।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি গ্রামের ভুট্টা ও গম ক্ষেতে তারা নিধনযজ্ঞ চালিয়ে অর্ধশতাধিক বন্যপ্রাণি হত্যা করে।

প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন ও মজিদুল হক জানান, ১০ থেকে ১৫ জনের সাঁওতালের একটি দল ভুট্টা ও ধান ক্ষেতসহ বন-জঙ্গলের চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর তিন/চারজন তার ভেতরে ঢুকে। তখন ক্ষেতের ভেতর লুকিয়ে থাকা বন্য প্রাণিরা ছুটাছুটি শুরু করলে তারা তীর বা বল্লম ছুঁড়ে প্রাণিদের শিকার করে।

তারা আরো জানান যে শেয়াল, বেজি, বনবিড়াল ও বাগডাসা মিলে মঙ্গলবার সারাদিনে তারা ৫০টির বেশি বন্য প্রাণি শিকার করে সন্ধায় চলে যায়।

ফুলবাড়ী উপজেলা বন বিভাগের কর্মকর্তা নবির উদ্দিন জানান, ‘বন্যপ্রাণী শিকার করা সম্পূর্ণ বেআইনি। তারপরও আমরা খোঁজ-খবর নিচ্ছি। যদি তাদেরকে পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস জানান, বন্য প্রাণি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।