ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামে সালিশ বৈঠকে শেষে বাড়ি ফেরার পথে দু’পক্ষের মারামারিতে আব্দুর রাজ্জাক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই গ্রামের মৃত মাইজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মারামপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আলম মিয়া বছর খানেক আগে উপজেলার খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য সোমবার রাত ১০টার দিকে স্থানীয় মধুপুর বাজারে সালিশ দরবার অনুষ্ঠিত হয়। বৈঠকে কোনো সমাধান না হওয়ায় উভয় পক্ষ বাড়ি ফিরে আসার পথে আত্মারামপুর গ্রামে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি এবং পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের মারামারি ফেরাতে আসেন আব্দুর রাজ্জাক। এক পর্যায়ে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে একজনকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।