রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়ন সমিতির বাজারে খাদিজা কনফেকশনারী অ্যান্ড বার্গার নামের একটি দোকান ও দোকানের সব মালামাল পুড়ে গেছে। গতকাল দুপুর দেড়টায় জুমার নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নামাজ শেষ করে মসজিদের মুসল্লিরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাজার ব্যবসায়ী টিপু সুলতান জানান, নামাজের সময় পুরো বাজারের দোকানপাট বন্ধ ছিল। আগুন যদি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হতো, তাহলে পুরো বাজারটাই পুড়ে যেত। দোকান মালিক মুরাদ হোসেন জানান, ঋণ করে গত দুই মাস আগে দোকানে নতুন মালামাল তুলেছি। আজ আগুনে আমার সব শেষ হয়ে গেল। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
রামগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা কামরুল হাসান জানান, আমরা যাওয়ার আগেই স্থানীয়রা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মসজিদে মুসল্লিরা থাকায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।