সিলেটের ওসমানীনগরের দয়ামীর বাজারে বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অধিকাংশ দোকানের মালামাল পুড়ে যায়। ঘটনার পর সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতের শেষ দিকে বাজারের সুপারী গলির কোনো এক দোকানে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি জানাজানি হওয়ার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে গলির পাশে ইউসুফ আলীর চায়ের দোকান, সোনামত আলীর মুদির দোকান এবং জিতু মিয়া, লোকমান আলী, আক্তার আলী, আনছার আলী, সেবুল মিয়া, নেপাল নাথ, হাসু নথের দোকানসহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দয়ামীর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস শহিদ বলেন, ফায়ার সার্ভিস কর্মী ও বাজারের আশপাশের লোকজনের প্রচেষ্টায় কিছু সুপারী মাল উদ্ধার করা গেলেও ১৫টি দোকান ঘরসহ ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। অনেকে ধারণা করছেন, একটি চা এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তাজপুর ফায়ার সার্ভিসের প্রধান অপু মিয়া বলেন, আমরা ভোর সোয়া ছয়টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।





