কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরির অভিযোগে মারধরে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে কুলিয়ারচর পৌর ভূমি অফিস সংলগ্ন সাবরেজিস্টার অফিসের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। সরেজমিন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, রাত সোয়া ১১টার দিকে ২-৩ জন লোক রক্তাক্ত ও জ্ঞানহারা অবস্থায় এক যুবককে হাসপাতালে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জন ডা: তারানা তাবাসসুম পান্না আহত অজ্ঞাত যুবককে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তার দেহে প্রাণ নেই। পরে তিনি বিষয়টি একটি চিঠির মাধ্যমে কুলিয়ারচর থানার ওসিকে অবহিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবকের নাম রাব্বি মিয়া (২২)। সে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার দীঘিরপাড় গ্রামের মির্জালী মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, মোটরসাইকেল চুরির অপবাদ দিয়ে কয়েকজন যুবক রাব্বি মিয়াকে পৌর ভূমি অফিসের সামনে নির্মমভাবে মারধর করে। জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টাকালে সাবরেজিস্টার অফিসের সামনে রাস্তায় পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। ২-৩ জন লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কুলিয়ারচর থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।