সিলেটের ওসমানীনগরে দীপা রাণী সিংহ (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পাশের বাড়ির নির্মানাধীন ভবনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মৃত দীপা কুমিল্লার বরুড়া তলাগ্রাম গ্রামের পীযূষ চন্দ্র সিংহের মেয়ে। সে তাজপুর মঙ্গলচন্ডি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দীপার মা-বাবা তাকে শয়নকক্ষে খুঁজে পায় না। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের বাড়ির নির্মানাধীন ভবনের ছাদে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে তাজপুর প্যারাডাইস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিলেট জেলা পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাইন উদ্দিন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।