সিলেটের ওসমানীনগরে তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের বাসায় রহস্যজনকভাবে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম দীপা রাণী সিংহ (১৪)। সে কুমিল্লা জেলার বরুড়া থানার তলাগ্রাম গ্রামের পীযূষ চন্দ্র সিংহের মেয়ে এবং তাজপুর মঙ্গলচণ্ডি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, দীপা রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। আজ ভোর ৫টায় তার বাব-মা তাকে তার ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের নির্মাণাধীন ভবনের একতলার ছাদের ওপর গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান বাবা-মা। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাজপুরস্থ প্যারাডাইস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিলেট জেলা পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসমানীনগর থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ক্লু উদঘাটনে পুলিশ তদন্ত করছে।