টাঙ্গাইলের নাগরপুরে আগুন লেগে ২২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নাগরপুর উপজেলার সহবতপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সহবতপুর বাজারের মো: ফরহাদ হোসেন, মো: মানিক খান, ইসমাইল হোসেন খান, মো: শাহলিম হোসেন, ফটিক মিয়া, হাকিম খান, মুদি দোকান, মো: গনি মিয়া, মো: আনোয়ান হোসেন ফলের দোকান, মো: এন্তাজ আলী, মো: লুৎফর রহমান, স্বপন, কামাল মিয়া, তোফাজ্জল হোসেন, গবিনাথ বিশ্বাস পানের দোকান, ফজল্লুর করিম, ফরমান খান, সেকান মিয়া, দানেজ আলী, এবাদত হোসেন, গবিনাথ ঠাকুরেরসহ প্রায় ২২টি ঘর পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা প্রাথমিকভাবে জানা যায়নি।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, তিনি সহবতপুর বাজারে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছেন। যেসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

এ বিষয়ে সহবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আনিসুর রহমান আনিস জানান, শুক্রবার রাতে সহবতপুর বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

সহবতপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল মিঞা বলেন, এ অগ্নিকাণ্ড তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজ্জাদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ২২টি দোকান ও ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।