নরসিংদীর শিবপুরের সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয় ও উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে এই আগুন লাগে।
স্থানীয়রা জানিয়েছে, উপজেলা সদর রোডে সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহনের ব্যক্তিগত কার্যালয় ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত টিনসেড ঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় স্থানীয়রা কাছে গিয়ে দেখতে পায় যে অফিসটির জানালার গ্লাস ভাঙ্গা ও দাহ্য পদার্থের দুর্গন্ধ ছড়াচ্ছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় শিবপুর ফায়ার সার্ভিসের এক ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে অফিসের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয়রা আরো জানায়, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ও বর্তমান সংসদ সদস্য জহিরুল হক মোহনের নেতৃত্বে দু’ভাগে বিভক্ত দলটির স্থানীয় রাজনীতি। এ কারণে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়টিতে যেত না দলের একাংশ। সম্প্রতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খানকে বাসায় ঢুকে গুলি করা ও চলমান রাজনৈতিক কোন্দলের জেরে দুর্বৃত্তরা জানালার গ্লাস ভেঙ্গে কার্যালয়ে আগুন দিয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল বলেন, ‘ঠিক কী কারণে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরুজ তালুকদার বলেন, ‘আগুন লাগার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বলা যাবে এটি অগ্নিকাণ্ড না কি নাশকতা।’





