চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’ভাইবোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মার্চ) দুপুর ১ টায় এ দুর্ঘটনা ঘটে।
ওই ভূঁইয়া বাড়ির মরহুম মো: শাহজাহান ভূঁইয়ার ছেলে আবদুর রহমান ফাহিম (৭)। তারই বড় বোন ফাহিমা আক্তার। ফাহিম শারীরিক প্রতিবন্ধী ও ফাহিমা বুদ্ধি প্রতিবন্ধী ছিল। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
জানা যায়, ও ঘরের অদুরে টিউবওয়েলের সাথে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। বড় বোন ফাহিমা আক্তার তাকে বাঁচাতে এগিয়ে এলে সেও ওই তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান তাদের মৃত ঘোষণা করেন।
ওই বাড়ির বাসিন্দা মো: মোরশেদ হেলালী ভুঁইয়া জানান, ফাহিম বিদ্যুতের তারে জড়ালে ফাহিমা তাকে উদ্ধার করতে এসে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তাদের অপর ভাই আজিজ ফাহাদও (২৩) শারীরিক প্রতিবন্ধী।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: জয়নাল আবেদীন জানান, শিশু দু’টিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পেয়েছি। তাদের পরিবার জানিয়েছে তারা বিদ্যুতায়িত হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





