কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে ওই আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

উপজেলার রামদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাল উদ্দিনের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বর্ষীয়ান রাজনীতিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের এই মৃত্যুবার্ষিকী পালিত হয়।

দোয়া মাহফিল শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার পাঁচ সহস্রাধিক মানুষের জন্য খাবারের বিশাল আয়োজন করা হয়।

সাবেক রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান ২০১৩ সালের এই দিনে রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব পালনকালে তিনি কয়েকবার অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। মৃত্যুর তিন দিন আগে তাকে সিঙ্গাপুরে নিলে ২০ মার্চ বিকেলে তিনি ইন্তেকাল করেন।