কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিকআপের চাপায় কানু সেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কানু সেন ধর্মপুর গ্রামের পরলোকগত আশুতোষ সেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলবাড়ী থেকে একটি মালবাহী পিকআপ দ্রুতগতিতে নাগেশ্বরীর দিকে যাচ্ছিল। ধর্মপুর এলাকায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে কানু সেনকে চাপা দেয় পিকআপটি। স্থানীয়রা কানু সেনকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, চালকসহ দুই হেলপার পালিয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার চালকের বিরুদ্ধে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।