জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চাকার নিচে পড়ে বিচ্ছিন্ন হয়েছে আলম নামের এক ব্যবসায়ী যুবকের পা।

শনিবার (৮ এপ্রিল) সকালে তিনি ট্রেন থেকে নামার সময় এ ঘটনা ঘটে ।

আলম দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর বাজারীপাড়া গ্রামের ছাদেক আলীর ছেলে। আলম দেওয়ানগঞ্জ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

জানা গেছে, তিনি দেওয়ানগঞ্জ বাজারসহ অন্যবাজার থেকে বাজারের কসাইদের কাছ থেকে গরু, মহিষ ও ছাগলের হাড়-গোড় কম দামে কিনে জামালপুরসহ বিভিন্ন স্থানে বিক্রি করেন। শুক্রবার ৭ এপ্রিল ব্যবসায়িক কাজে তিনি জামালপুরে যান। ৮ এপ্রিল দেওয়ানগঞ্জ রেলস্টেশনের কাছের বেলতলী বাজার ৩ নম্বর রেললাইন এলাকায় ট্রেনটি এলে সময় বাঁচানো জন্য চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন।

এ সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছাড়াও তার বাম পা ট্রেনের চাকার নিচে পরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশনের রেলপুলিশ ফাড়ির ইনচার্জ (এএসআই) মো: হোসেন আলী নয়া দিগন্তকে জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র তারা সেখানে ছুটে যান। পা বিচ্ছিন্ন গুরুতর আহত ট্রেনযাত্রী আলমকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ডাক্তাররা বিচ্ছিন্ন পায়ের অংশসহ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বর্তমানে সেখানে চিকিৎসা চলছে বলে এএসআই মো: হোসেন আলী ও তার বন্ধু জয়নাল আবেদীন এ সাংবাদিককে জানান।