ডেমরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো: আরিয়ান (৮) ও মো: রায়হান (৩) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটানায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ডেমরার বামৈল পশ্চিমপাড়া ব্যাংক কলোনি মরহুম ইসমাইল মুহরির বাড়িতে এ মর্মান্তিক মৃত্যুর হয়।

মৃত আরিয়ান ও রায়হান ভ্যানচালক মারফত আলীর ছেলে। তাদের মা স্থানীয় তারকাটার একটি কারখানায় কাজ করেন। বড় ছেলে আরিয়ান স্থানীয় মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। তারা ব্যাংক কলোনি এলাকায় থাকেন।

আটকরা হলেন, বাড়ির মালিকের স্ত্রী জাহানারা বেগম (৬৫), তার মেয়ে অ্যাডভোকেট নিপা আক্তার (৪০), জেরা (৩০) ও সারা (২০)।

বাড়ির মালিকদের বিরুদ্ধে বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, তারা আম ও অন্য ফল চুরি প্রতিরোধে বাড়ির সকল গাছে বৈদ্যুতিক তারের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎস্থাপন করেন। দু’দিন অগেও বিদ্যুতায়িত হয়ে দুই কুকুর মারা যায় ওই বাড়িতে। এ বিষয়ে এলাকাবাসী বাড়ির মালিকদের জানালে ওই বাড়ির দু’ছেলে দিপু ও টিপু দাম্ভিকতা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।

এ খবর পেয়ে ওই বাড়ির মলিকের স্ত্রীসহ তিন মেয়েকে আটক করা হয়। বাড়ির মালিকের দু’ছেলে দিপু ইসলাম (৪০) ও টিপু ইসলাম (৩৫) পলাতক রয়েছেন। স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসি চাই বলে স্লোগান দিয়ে ওই বাড়িতে ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর করে।

জানা যায়, বুধবার সকালে এনি বেগম তার দুই ছেলেকে নিয়ে কারখানায় কাজে যান। এ সময় খেলার ছলে আরিয়ান ও রায়হান ওই বাড়িতে আম পাড়তে গেলে তারা গাছের সাথে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই একজনের নিচে একজন ঝুলে থাকে। এ ঘটনা দেখতে পান প্রতিবেশী ইয়াছির আরাফাত নাম এক রাজমিস্ত্রী। তিনি ওই দুই শিশুকে গাছের নিচে ঝুলে থাকতে দেখে তাদের মাকে খবর দেন। দ্রুত মা সন্তানদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় ওখানকার কর্তব্যরত ডাক্তার শিশুদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রী ইয়াছির আরাফাত জানান, কাজ শেষে বাড়ি ফিরে জানালা দিয়ে দেখি দুই শিশু আম গাছের সাথে ঝুলে আছে। পরে আমি চিৎকার শুরু করলে তার মা পাশের কারখানা থেকে খবর পেয়ে শিশুদের উদ্ধার করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদ বলেন, আম ও বিভিন্ন ফল চুরি প্রতিরোধে গাছে বিদ্যুৎস্থাপন করা খুবই ভয়াবহ একটি কাজ যা করা মোটেও উচিত হয়নি। এই অপরাধের কারণে দু'টি কোমলমতি শিশু মারা গেল। ওদের সঠিক বিচার হওয়া উচিত।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেমরা শাখার নির্বাহী প্রকৌশলী মো: রবিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জেনেছি। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে ওই বাড়ির বিদ্যুতের সার্ভিস তার কেটে দেয়া হয়েছে। তাদের লাইন অবৈধ কিনা তা যাচাই বছাই করা হচ্ছে।

ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুর রহমান (পিপিএম) বলেন, গাছে বিদ্যুৎ দিয়ে দু'টি হত্যার অভিযোগটি অত্যন্ত অমানবিক কাজ। এ বিষয়ে লাশের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।