শেরপুরের শ্রীবরদীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জসিম হত্যায় জড়িত আসামি মাসুদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার রানীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
আসামি উপজেলার বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ (২৩)।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও আবু সামা কবির বিএসসি, রানীশিমূল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াছেক বিল্লাহ, সহ-সভাপতি এম এ মোনায়েম, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রনি, হাঁসধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন চারু ও নিহত জসিমের মা জবেদা প্রমুখ।
নিহত জসিমের মা জবেদা বেগম বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দ্রুত ফাঁসি চাই। এ সময় স্থানীয় এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মামলার আসামি মাসুদকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালতে আসামির রিমান্ড আবেদন করলে আদালাত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, ৫ এপ্রিল সন্ধ্যায় মায়ের জন্য পান কিনতে বড় ভাইয়ের ভ্যানগাড়ি নিয়ে গ্রামের বাজারে যায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জসিম মিয়া। এ সময় বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ ফুঁসলিয়ে তাকে হাঁসধরা গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে ভ্যানগাড়িটি ছিনিয়ে নেয়ার পর তাকে নির্মমভাবে হত্যা করে। পরের দিন সকালে জসিমের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মাসুদকে আটক করে শেরপুর কোর্টে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের বড় ভাই রুবেল মিয়া মাসুদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দু’-তিনজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন ।





