জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সোনা মিয়া নামে এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। রোববার সকালে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সোনা মিয়া একই উপজেলার পাড়ইল গ্রামের ঝরিয়া মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক জানান, শনিবার বিকেলে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেয়ার জন্য ঘটনাস্থল পাশের কড়িয়া গ্রামে যান। এ সময় ওই সম্পত্তি দাবি করা প্রতিপক্ষ সমসাবাদ গ্রামের ইছাহাকের ছেলে মজিবর রহমান, বুদুন মিয়া ও হাফিজুর রহমানের সাথে তার বাগি¦তণ্ডা শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা গাছের ডাল দিয়ে সোনা মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, এজাহার প্রাপ্তিসাপেক্ষে মামলা রুজু করা হবে এবং পরবর্তীতে তদন্তসাপেক্ষে আইনুনাগ ব্যবস্থা নেয়া হবে।