ঝিনাইদহের কালীগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাত ভাই আজীমকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজীম আলী ওই গ্রামের রমজান আলী মোল্লার ছেলে।

চাচাত ভাই রানা জানান, ফুফুর জমি চাষ করেছিল আজীম আলী। সেই জমিতে আখের চাষ করেছিল আজীম। এই জমি নিয়ে কিছুদিন ধরে চাচা ইসরাইল হোসেন, চাচি সংরক্ষিত মহিলা মেম্বর নিলুফা ইয়াসমিন ও চাচাত ভাই মেহেদীর সাথে বিরোধ চলছিল। শনিবার আজীমকে না বলে ওই জমির আখ তুলে ফেলেন চাচা ইসরাইল হোসেন ও চাচাত ভাই মেহেদী।

রোববার ইফতারের পর চাচা ইসরাইল কাছে তার চাষ করা জমিতে কেন আখের চারা তুললেন জানাতে বাড়িতে গিয়েছিল আজীম আলী। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচাত ভাই মেহেদী পেছন থেকে গাছি দা দিয়ে কুপিয়ে জখম করে।
এতে গুরুতর আহত হন আজীম আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুর রহিম মোল্লা জানান, আজীমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার মূল আসামি মেহেদীকে পুলিশ আটক করেছে।