আর কয়েকদিন পরই ঈদুল ফিতর। ঈদের সাথে কেনাকাটার ব্যাপারটাও ওতপ্রোতভাবে জড়িত। আর তাই এ সুযোগে কক্সবাজার শহরসহ জেলার হাটবাজারে ‘ফিক্সড প্রাইস’ লেখা একদামের দোকানগুলোতে চলছে রকমারি প্রতারণা। এসব দোকানে ফিক্সড প্রাইসের আড়ালে ‘মিক্সড আইটেম’ কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।
মানহীন বিভিন্ন পণ্যে একদামের চড়ামূল্যের স্টিকার লাগিয়ে চলছে লাগামহীন এ প্রতারণা। সংশ্লিষ্ট দোকানগুলোতে নজরকাড়া ডেকোরেশন, থাইগ্লাস ফিটিংস ও এসি লাগিয়ে ক্রেতা আকৃষ্ট করে এ প্রতারণায় জাল বিস্তার করা হয়েছে। কক্সবাজার শহরের প্রধান সড়ক, পানবাজার সড়ক, বার্মিজ মার্কেট এলাকা ও বড় বাজার রোডের বিভিন্ন মাকের্টে চলছে এ অবস্থা।
শহরের বড় বাজার রোডের মেগামার্ট, বড় বাজার মসজিদ সংলগ্ন আম্মাজান, সততা ও আব্বাজান এ চারটি শোরুমে তৈরী পোশাকের দাম কয়েকগুন নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।
প্রধান সড়কের তৈরী পোশাকের দোকান ক্যাটস আই, নক্ষত্র, প্লাস পয়েন্ট, বাঙ্গালী বাবু, জেন্টলপার্ক, ককপিট, রিচম্যান লুবনান, খালেক সেন্টারের স্মার্টেক্স, মেনজ ক্লাব, স্পাইরাল ও ফ্যাশন পয়েন্টসহ বাহারি নামের নজরকাড়া ডেকোরেশন ও শীতাতপ নিয়ন্ত্রিত শোরুমগুলোও এ প্রতারণায় নেমেছে বলে জানিয়েছেন ক্রেতারা।
লালদীঘির পশ্চিম পাড়ের টুয়েলভ, বিলকিস মার্কেট সংলগ্ন বিন্দু, কলাতলী সড়কের আমব্রেলার শোরুমও ‘একদাম’ এর নামে গ্রাহক ঠকানোর মহা প্রতারণা শুরু হয়েছে।