ফরিদপুরের সালথায় ট্রলিগাড়ি থেকে ইট নামাতে গিয়ে বিল্লাল মিয়া নামে ১৫ বছর বয়সী এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংপ্রতাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল পাশর্^বর্তী রামকান্তপুর গ্রামের মৃত মানু মিয়ার ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগলপ্রায় বিল্লালের মা।নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নাসির তালুকদার জানান, মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারিয়ে বিল্লাল সংসারের ঘানি কাঁধে তুলে নেয়। বিল্লাল কখনো মাঠে, কখনো ইটের ভাটায় কাজ করত। বিল্লালের মা ফতে বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের স্বপ্ন ছিল বড় হয়ে অনেক টাকা কামাই করবে। কিন্তু তার আগেই তো চলে গেল সে। এখন আমাগো কী হবে?
সালথা থানা ওসি শেখ সাদিক বলেন, ছেলেটি ট্রলির গাড়ির হেলপার ছিল। ইট নামানোর সময় ওই গাড়ি উল্টে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।