জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন ভূমি অফিস সহায়ক মো: সোহেল রানার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ওই ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত রয়েছেন। এই সুযোগে সাধারণ সেবা গ্রহীতাদের কাছ থেকে ভূমি বন্দোবস্ত, নামজারি, পর্চা ও দাখিলা দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়।
সম্প্রতি ঘুষ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা মমিনুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু অফিস সহায়ক (পিয়ন) রানা কাজটি চালিয়ে যাচ্ছেন।
ডি-খলিফা পাড়া এলাকার সুলতানের স্ত্রী শুভ বেগম অভিযোগ করে বলেন, ‘রানা আমাদের জমি বন্দোবস্ত করে দেয়ার কথা বলে ২০ হাজার ও আমার চাচা শ্বশুরের ছেলে শহিদের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছে। প্রায় চার মাস ধরে আমরা ঘুরছি।
বালিয়ামারির গ্রামের ওমর আলী ও তার স্ত্রী বলে নামজারিট জন্য ৫ হাজার টাকা নিয়েছে। এখন টালবাহানা করছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জামাল বেপারি বলেন, আমার ওয়ার্ড থেকে আলকিমদ্দিনের ছেলে রাশেদ, শায়েবালীর ছেলে রুকু মিয়াসহ একাধিক লোকজনের কাছ থেকে প্রায় লাখ টাকা নিয়েছে।
সোহেল রানা বলেন, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেন।
চলতি দ্বায়িত্বে থাকা ওই ইউনিয়ন (ভূমি) উপ-সহকারি জাহাঙ্গীর আলম বলেন, সোহেলের বিরুদ্ধে অভিযোগের শুনানি চলছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফ আলী বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকে অনুমতি ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না।





