সাতক্ষীরার তালায় সীমানা পিলার সদৃশ্য বস্তুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে তালা থানার অফিসার ইনর্চাজ (ওসি) চৌধুরী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে তালা উপজেলার জেঠুয়া গ্রামের জবেদ আলী কারিকরের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামের মরহুম উজির আলীর ছেলে ইসমাইল আলী শেখ (৬৩), যশোর জেলা সদরের গাইদগাছি গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে সাহিদুল ইসলাম (৫৩) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আকাম গাজী ছেলে তরিকুল ইসলাম (৬৫)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, তালা উপজেলার জেঠুয়া গ্রামের একটি বাড়িতে সীমানা পিলার চোরাচালান চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সীমানা পিলার সদৃশ্য বস্তুসহ ওই চক্রের তিনজনকে গ্রেফতার হয়। বাড়ির মালিক জবেদ আলী কারিগর গাজীসহ আরো কয়জন পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, সীমানা পিলার নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতারণার ব্যবসা করে আসছিল এ চক্রটি। উদ্ধার করা পিলারটির গায়ে লেখা রয়েছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮’। যার উচ্চতা ২৫ ইঞ্চি এবং ব্যাস সাড়ে ২২ ইঞ্চি।
এ ঘটনায় তালা থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।





