কিশোরগঞ্জের ভৈরবে তিন পুলিশ সদস্যকে মারধর করে ও তাদের গায়ে ময়লা ছিটিয়ে সাদ্দাম হোসেন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আসামির স্বজনদের বিরুদ্ধে।

রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন ভৈরব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীন, কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব উপজেলার গোছামারা গ্রামের নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম। তিনি ওই এলাকার হোসেন মিয়ার ছেলে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব থানার এএসআই নাসির উদ্দীন কনস্টেবল রবিউল ও আজাদকে সাথে নিয়ে গোছামারা গ্রামে সাদ্দামকে গ্রেফতার করতে যান। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার ১০-১৫ জন স্বজন তিন পুলিশের ওপর হামলা করে এবং ময়লা ছিটিয়ে দেয়। এক পর্যায়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক দেয়া হয়।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি ধরতে গোছামারা গ্রামে যায় আমার তিন সদস্য। আসামি সাদ্দামকে গ্রেফতার করে ফিরে আসার সময় তার স্বজনরা হামলা করে আসামি ছিনিয়ে নেয়। পরে আসামির মা ও তার দু’বোনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’