ফরিদপুরের সালথায় ট্রলিগাড়ি থেকে পড়ে মো: আয়নাল শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আয়নাল পুটিয়া গ্রামের মরহুম খোরশেদ শেখের ছেলে। তিনি এক সন্তানের জনক।
ট্রলিগাড়ি থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল হাসান খান সোহাগ।
স্থানীয়রা জানান, বিকেলে আয়নাল মাঠে ঘাস কাটতে যায়। ঘাস কেটে আসার সময় মাঠের মধ্যে মাটি নেয়ার জন্য চলন্ত একটি ট্রলি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রলিগাড়ির ঝাঁকিতে সেখান থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আয়নাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





