নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে ইয়াছমিন (১৫) ও ইমা (১৬) নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদীতে নেমে এই নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজ ইয়াছমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।
নিখোঁজদের সন্ধ্যানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে পলাশ ফায়ার সার্ভিসের ডুবুরী দল। বিষয়টি নিশ্চিত করেন, পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি।
ফায়ার সার্ভিস ও নিখোঁজের পরিবার জানায়, দুপুরে ইমা তার খালা ইয়াছমিন ও চাচাতো বোন সাদিয়াকে নিয়ে লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। একপর্যায়ে তাদের মধ্যে সাদিয়া নদী থেকে গোসল শেষে ঘাটে উঠতে পারলেও ইয়াছমিন ও ইমা নদীর শ্রোতের পানিতে ডুবে যায়। পরে সাদিয়া বাড়িতে গিয়ে তাদের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি জানান, নদীতে উদ্ধার কাজ চালানোর জন্য টঙ্গি থেকে ডুবরী দল খবর দেয়া হয়। পরে তারা এসে উদ্ধার কাজ চালায়। এ খবর লেখা পর্যন্ত ডুবরী দল উদ্ধার অভিযান চালাচ্ছেন।





