ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনায় সিজিল মিয়া (৪৬) নামে এক কাঠ ব্যবসায়ী খুন হয়েছেন।

শুক্রবার (৫ মে) জুমার নামাজের পর নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিজিল মিয়া আলমনগর গ্রামের মরহুম মন্তাজ মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত সিজিল মিয়ার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর নবীনগর পূর্ব ইউনিয়নের ধোপাকান্দা গ্রামের পারভিন বেগমকে বিয়ে করার পর সংসারে মিলমিশ হচ্ছিল না। বিয়ের কয়েকমাস পর পারিবারিকভাবে পারভিন বেগমকে তালাক দেন সিজিল মিয়া। এই সংসারে তার কোনো সন্তান ছিল না।

এই ঘটনার জের ধরে আলমনগর গ্রামের শহীদ মিয়ার ছেলে শাহ আলম মিয়ার সাথে বিরোধ তৈরি হয়। এ নিয়ে তাদের মাঝে কয়েকবার হাতাহাতির ঘটনাও ঘটেছে। এরই জের ধরে জুমার নামাজের সময় আলমনগর উত্তরপাড়া মসজিদের ভেতর নামাজের কাতার দাঁড়ানো নিয়ে সিজিল মিয়া ও শাহ আলমের মাঝে তর্কবিতর্ক হয়।

নামাজ শেষে সিজিল মিয়া মসজিদ থেকে বের হওয়ার পরপরই শাহ আলম মিয়া তার ওপর আক্রমণ চালিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। নিহত সিজিল মিয়া নবীনগর সদর বাজারের কাঠ ব্যাবসায়ী ও দুই মেয়েসহ তিল ছেলের জনক ছিলেন।

ঘটনার সত্যতা চিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুউদ্দিন আনোয়ার বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।